লঘুচাপের কারণে সাগর উত্তাল। নদীতেও বাতাসের গতিবেগ উঠে যেতে পারে ৬০ কিলোমিটার। তাই সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর আর নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
এ অবস্থায় মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ঝড়ো হাওয়া বয়ে যাবে দেশের ওপর দিয়ে আগামী কয়েকদিন। তবে সার্বিকভাবে উন্নতি হচ্ছে দেশের বন্যা পরিস্থিতির। আগামী ২৪ ঘণ্টায় আরও উন্নতি হবে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে।
আগামী মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত বৃষ্টিপাতের বর্তমান অবস্থা বিরাজ থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার কোন পরিবর্তন নেই।(বাসস)
এএস





