দেশ ও জাতির উন্নয়নে শিক্ষার বিকল্প নেই । যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত । সনাতন ধর্মে শিক্ষাকে উঁচু স্তরে আসীন করা হয়েছে । এ ধর্মে প্রাচীন ঋষিরা ব্রহ্মের অনন্ত শক্তির অংশকে একেকজন দেব-দেবীরূপে কল্পনা করেছেন । আর তেমনিভাবে ব্রহ্মের যে শক্তি আমাদের বিদ্যা শিক্ষাদান করেন তাকে সরস্বতী দেবী নামে পূজা-অর্চনা করা হয়।
আগামী ১লা ফেব্রুয়ারী ২০১৭ সরস্বতী পূজা । প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের শ্রী পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পূজা করা হয়। সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, সংস্কৃতি ও শুদ্ধতার দেবী। সৌম্যাবয়ব, শুভ্র বসন, হংস-সংবলিত, পুস্তক ও বীণাধারিণী এই দেবী বাঙালির মানসলোকে এমন এক প্রতিমূর্তিতে বিরাজিত, যেখানে কোনো অন্ধকার নেই, নেই অজ্ঞানতা বা সংস্কারের কালো ছায়া।
সরস্বতী পূজা উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে ।
সকাল ৬টায় প্রতিমা আনয়ন ও সংস্থাপন এর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে ।পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি এবং আলোকসজ্জা প্রভৃতি ।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ এবং সভাপতিত্ব করবেন আ্যকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপীদাস, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক এবং বঙ্গবন্ধু পরিষদের একাংশের সভাপতি দুলাল চন্দ্র নন্দী । ধর্মীয় আলোচনা করবেন স্বামী হরি প্রেমানন্দ মহারাজ, রামকৃষ্ণ মিশন, কুমিল্লা, অধ্যাপক শ্যামাপ্রসাদ ভট্টাচার্য, শ্রীকাইল কলেজ, দেবর্ষি শ্রীবাস দাস, পরিচালক, ইসকন ইয়ুথ ফোরাম, সিলেট ।
কুতুব উদ্দিন/এমই





