নড়াইলের আউড়িয়া গ্রামে খাবারের মধ্যে চেতনানাশক ওষুধ মিশিয়ে একই পরিবারের আটজনকে অজ্ঞান করে মালামাল লুট করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আউড়িয়া গ্রামের নূর ইসলামের স্ত্রী লাইলী বেগম বুধবার রাত ১০টার দিকে মাংস রান্না করে ঘরে এশার নামাজ পড়তে আসেন। নামাজ শেষে ওই মাংস দিয়ে পরিবারের আট সদস্য রাতের খাবার খান। এরপর সবাই অজ্ঞান হয়ে পড়েন।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নূর ইসলামের পরিবারের কেউ ঘুম থেকে না উঠায় প্রতিবেশিরা খোঁজখবর নেন। পরে তাদের ঘরে প্রবেশ করে প্রতিবেশিরা সবাইকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। বাড়িতে চিকিৎসক এনে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

বাথরুমের টিনের চালা কেটে অজ্ঞানপর্টির সদস্যরা ঘরে প্রবেশ করে মোবাইলসহ মালামাল লুট করে নিয়ে গেছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই