যশোরে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত যাত্রী। যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল বাজারের কাছে মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (যশোর-ব-১১-০০৮৪) কুষ্টিয়া যাওয়ার পথে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানপাশে কড়াই গাছে ধাক্কা খায়। দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের অন্য যাত্রীরা। গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে। হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। পাঁচজনের মরদেহও হাসপাতালে পাঠানো হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে যশোর হাসপাতালে পাঠিয়েছে।
জারিফ





