সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা-তেতুলিয়া নদীর সীমানায় ইলিশ ধরার দায়ে ৯ জেলের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা-তেতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন:- মো. আল আমিন, মো. জাহিদ, হারুন হাওলাদার, লতিফ হাওরাদার, মো. জাকির, মো. আরিফ, মো. রাসেল, মো. বাবুল, মো. সোলাইমান। এদের বাড়ি ভোলা সদর উপজেলার ভেলুমিয়া, ভেদুরিয়া ও ইলিশা ইউনিয়নে।

পরে আটককৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেনর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৯ জনের মোট ৪৫ হাজার টাকা জরিমানার রায় দেন। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আসাদুজ্জামান জানান, সকাল থেকে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডসহ মেঘনা ও তেতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান চালিয়ে ভেলুমিয়া, ভেদুরিয়া ও ইলিশা এলাকা থেকে ৯ জেলেকে আটক করা হয়েছে।
এসময় তাদের সাথে থাকা প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শাহীন/জেড