গাইবান্ধার উন্নয়নে ফুলছড়ি উপজেলার যমুনা নদীর বালাসীঘাটে অবিলম্বে একটি নৌ বন্দর স্থাপনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সঙ্গে জেলার বিভিন্ন সমস্যা নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।
এ সময় সভায় উপস্থিত সাংবাদিকসহ সর্বস্তরের জনতা ডেপুটি স্পিকারের কাছে গাইবান্ধার উন্নয়নে ফুলছড়ি উপজেলার যমুনা নদীর বালাসীঘাটে নৌ বন্দর স্থাপনের দাবি জানান।
মতবিনিময় সভায় ডেপুটি স্পিকার বলেন, ‘অবহেলিত গাইবান্ধার নানা সমস্যা সমাধানে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক।’
তিনি সঙ্কট নিরসনে সবাইকে সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান। এছাড়া বালাসীঘাটে নৌবন্দর স্থাপনের বিষয়টি জরুরী ভিত্তিতে নৌ পরিবহন মন্ত্রীর কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উত্থাপন করবেন বলে আশস্ত করেন।
এ সময় অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া তার পক্ষ থেকে গাইবান্ধা প্রেসক্লাবে একটি কম্পিউটার প্রিন্টার হস্তান্তর করেন।
গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানান একুশে টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনা। এছাড়াও তাকে সম্মাননাপত্র উপহার দেয়া হয়।
গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে গোবিন্দ লাল দাস, নুরুজ্জামান প্রধান, দীপক কুমার পাল, আবেদুর রহমান স্বপন, সিদ্দিক আলম দয়াল, আরিফুল ইসলাম বাবু প্রমুখ।
সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জেআই





