পাবনার ঈশ্বরদীর যুবলীগ কর্মী মুসা হত্যা মামলার প্রধান ২ আসামিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
বুধবার সকাল ১১টার দিকে আদালতের মাধ্যমে তাদের পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার ফতেমোহাম্মদপুর বেনারসি পল্লী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জেলহাজতে পাঠানো ২ আসামি হলেন- উপজেলার মুলাডুলি ইউনিয়নের মোকাররমপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে ও ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম রবি (২৫) ও একই গ্রামের মৃত ফকির চাঁনের ছেলে মাসুদ রানা (২৩)।
ঈশ্বরদী থানার অফিসার ইন চার্জ (ওসি) বিমান কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, মুসা হত্যা মামলার প্রধান ২ আসামি অস্ত্রসহ ঈশ্বরদীর ফতেমোহাম্মদপুর বেনারসী পল্লী এলাকায় অবস্থান করছে -এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মঙ্গলবার রাতে অভিযান চালায়।
এ সময় ছাত্রলীগ নেতা রবি ও মাসুদকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, রবি মুসা হত্যা মামলার প্রধান আসামি এবং মাসুদ ২ নম্বর আসামি। এ নিয়ে এ হত্যা মামলায় মোট ৪ জনকে গ্রেফতার করা হলো।
এর আগে ঘটনার পরপরই মোকাররমপুর গ্রামের শাহিন মালিথা ও মামুন হোসেনকে গ্রেফতার করা হয়েছিলো বলে জানান ওসি।
গত ২৮ আগস্ট রাত ১১টার দিকে পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে খুন হন যুবলীগ কর্মী মুসা হোসেন। এ ঘটনার পরদিন নিহতের ভাই আবু শামা বাদী হয়ে ১০ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি, কেএইচ





