দলীয় শৃংখলা ভঙ্গ, দলীয় নেতাকর্মীদের অযথা হয়রানিসহ নানা অভিযোগ এনে নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস ও তার মেয়ে কোহেলী কুদ্দুস মুক্তিকে গুরুদাসপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দুজনকে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে গুরুদাসপুর উপজেলা, পৌর আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা মোড়ে দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাল শেখ, বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু, জেলা পরিষদের সদস্য আবুল কালাম জোয়াদ্দার, মেহেদী হাসান প্রমুখ বক্তব্য দেন।
নেতৃবৃন্দ বলেন, সদ্য সমাপ্ত বড়াইগ্রাম উপজেলা পরিষদের উপ-নির্বাচনে সংসদ সদস্য ও তার মেয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করার লক্ষ্যে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এছাড়া বিগত ইউপি নির্বাচনেও দুই উপজেলার কয়েকটি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী তাদের পছন্দের লোক না হওয়ায় বিপক্ষে কাজ করেছেন। এতে দলের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে।
জারিফ





