বরগুনা জেলার আমতলী ও তালতলী উপজেলায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান অনুমতি স্থায়ীভাবে বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর।
শিক্ষা প্রতিষ্ঠান মধ্যে রয়েছে- আমতলী উপজেলার উত্তর চালিতাবুনিয়া আরবি বালিকা বিদ্যালয় ও তালতলী উপজেলার গাবতলী বিএস মডেল মাধ্যমিক বিদ্যালয়।
স্থানীয়রা জানিয়েছেন, কাগজে ও কলমে এর অস্তিত্ব থাকলেও বাস্তবে ছিল না।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের বরিশাল কার্যালয়ের কর্মকর্তারা সম্প্রতি সরেজমিনে পরিদর্শনে গিয়ে বিদ্যালয়গুলোর অস্তিত্বই খুঁজে পাননি। তাই পাঠদান অনুমতি বাতিল করে প্রতিষ্ঠান দুটির আনুষ্ঠানিক বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক ড. মোস্তফিজুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এমপিওভুক্ত হওয়ার আশায় ওই বিদ্যালয় দুটি স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে এমপিওভুক্ত হতে না পেরে এবং শিক্ষার্থী সংকটের কারণে শিক্ষকদের বেতন-ভাতা দিতে না পারায় প্রতিষ্ঠান দুটি বন্ধ হয়ে যায়।
ঢাকা, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





