লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মদপানে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন হরিজন সম্প্রদায়ের যদু লাল, তার স্ত্রী রিনা বালা ও রিনার ভাই রঞ্জন। যদু লালের বাড়ি কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামে। রঞ্জনের বাড়ি জয়পুরহাট জেলায়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, সোমবার রাতের খাবারের পর মদপান করে তারা ঘুমিয়ে পড়েন। ভোরে তিনজন অসুস্থ হয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে রিনা ও রঞ্জন মারা যান। যদু লালকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. আহসান হাবীব বলেন, অতিরিক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এফএফ





