ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের চড়িয়ারবিল বাজারে ট্রাকের চাপায় ফিরোজ আহম্মেদ মণ্ডল (৩০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফিরোজ একই ইউনিয়নের যাবদপুর গ্রামের সনজের আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, দুপুরে ফিরোজ নিজের খেতের সবজি নিয়ে চড়িয়ারবিল বাজারে যাচ্ছিল। গ্রাম্য রাস্তা থেকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে উঠলে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
এ সময় সে ছিটকে রাস্তার মাঝখানে পড়লে একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শৈলকুপা থানার অফিসার ইন চার্জ (ওসি) এম এ হাশেম খান বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। মোটরসাইকেল ও ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
কেএইচ





