বর্তমান সরকার অযৌক্তিক ভাবে গ্যাস, বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধি করে সাধারণ জনগণকে মরার উপর খাড়ার ঘা দিচ্ছে বলে মন্তব্য করেছেন ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারাইন সুলতান বাহার।

রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাড়াটিয়া পরিষদ আয়োজিত‘গ্যাস বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে এক মানবন্ধনে তিনি এ মন্তব্য করেন।

বাহার বলেন,‘আমরা মনে করি বর্তমান সরকারের গ্যাস বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধি করা সম্পূর্ণ অযৌক্তিক। এমনিতে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো যাচ্ছে না তার উপর গ্যাস বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধি করা মানে সাধারণ জনগণকে মরার উপর খাড়ার ঘা দেয়া।’

তিনি বলেন, ‘যখন বিশ্বের অন্যান্য দেশে বিদ্যুৎ উৎপাদনের সামগ্রির দাম কম অথচ বাংলাদেশে মূল্য বৃদ্ধি পাচ্ছে আমাদের মনে হয় সরকার স্বার্থন্বেসী একটি মহলের সুবিধার জন্য এই কাজটি করছে’।

এদশের শ্রমজীবী মেহনতী মানুষের কষ্টের কোন শেষ নেই উল্লেখ করে তিনি বলেন,‘যে দেশের শ্রমজীবী মানুষেরা সকাল বেলায় কাচা মরিচ পিয়াজ দিয়ে পান্তা ভাত খেয়ে কাজে যায় সেই পিয়াজ মরিচের দাম লাগামহীন।এ অবস্থায় দেশের সাধারণ মানুষের বেঁচে খাকায় আজকে অনিশ্চিত হয়ে পড়েছে।’

তিনি আরো বলেন, গ্যাস বিদ্যুৎ বৃদ্ধি যেন আমাদের গলার কাঁটা হয়ে দাড়িয়েছে তাই অবিলম্বে এটা প্রত্যাহার করা না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে কালো পতাকা মিছিল সহ কঠোর কর্মসূচী দেয়া হবে।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমা, শামীম, সাথী, শেফালী, রিপন প্রমূখ।

এমএ/এআই