হাউস বিল্ডিং রিসার্স ইনস্টিটিউটের (এইচবিআরসি) পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আবু সাদেকের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সম্প্রতি কমিশন এ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ অনুসন্ধানে দুদকের উপ-পরিচালক রেভা হালদারকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দুদক সূত্র মঙ্গলবার এ সব তথ্য নিশ্চিত করেছে।
দুদক সূত্র জানায়, হাউস বিল্ডিং রিসার্স ইনস্টিটিউটের (এইচবিআরসি) পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আবু সাদেকের বিরুদ্ধে গত ২০১১-১২ অর্থ বছরে কর্মরত না থেকেও প্রায় এক লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
এ ছাড়া টেন্ডারে অনিয়ম, বিনা টেন্ডারে পছন্দ মতো ঠিকাদার দিয়ে কাজ করানো, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্যসহ নানা দুর্নীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
কমিশনের প্রাথমিক তথ্যে এ সব অভিযোগের সত্যতা যাচাই করে পরিচালক মোহাম্মদ আবু সাদেকের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে কমিশন। অভিযোগ অনুসন্ধানে শিগগিরই নথিপত্রসহ মোহাম্মদ আবু সাদেককে দুদকের জিজ্ঞাসাবাদে তলব করা হবে।
এমকে





