রাজধানীতে গবাদি পশু ও হাঁস-মুরগির ভেজাল ঔষধ উৎপাদনের দায়ে এক জনকে এক বছরের কারাদণ্ড ও দু'লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁও এলাকায় একটি গবাদি পশুর ঔষধ কারখানায় অভিযান চালিয়ে ভেজাল ঔষধ জব্দ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২ এর একটি দল। এ সময় কারখানাটির মালিক কামরুজ্জামানকে (৩৮) কারাদণ্ড ও জরিমানা করা হয়। তিনি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার মৃত খান আব্দুর রহিমের ছেলে।
র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ২২৭/২ হাওয়াই রোডের খান ফার্মায় র্যাব-২ এর একটি দল এ অভিযান পরিচালনা করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুজ্জামান জানান, তিনি প্রায় দুই বছর যাবৎ ভেজাল ঔষধের ব্যবসা করছেন। ঔষধ ব্যবসার জন্য তার কোন বৈধ লাইসেন্স নাই।
মাকসুদুল আলম আরো বলেন, তার কারখানা থেকে দেশি-বিদেশী বিভিন্ন কোম্পানির লেভেল লাগিয়ে বাজারজাত করা হয়। এই সকল বিষাক্ত ঔষধ গবাদি পশুর মাংশ খাওয়ার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। যার প্রতিক্রিয়ায় মানুষ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হয়।
এসব অপরাধের জন্য আসামিকে এক বছরের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযান কালে প্রচুর পরিমাণে ভেজাল ঔষধ জব্দ করা হয়েছে।
র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান এর নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান কর্তৃক এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন প্রাণি-সম্পদ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এবং খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা মো. মনির উদ্দিন।
এমআর/জেডআই





