ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।ওসির বিরুদ্ধে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পক্ষ নিয়ে নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগে ওসিকে প্রত্যাহার করা হয়।
বুধবার নির্বাচন কমিশন থেকে মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লবকে প্রত্যাহার করা হয়েছে। মহেশপুরের নির্বাচন অফিসার সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে ১১৩টি কেন্দ্রের মধ্যে ৫৭টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
চারটি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর সাথে বিদ্রোহী প্রার্থীদের সংঘর্ষের আশঙ্কা করছে গোয়েন্দা বিভাগ। উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীর সাথে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মুখোমুখি অবস্থান নিয়েছে। বুধবার ভোররাতে ফতেপুর ইউনিয়নের সড়াতলা গ্রামে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করা হয়। ভারত সীমান্তবর্তী হওয়ার কারণে এ উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন গুরুত্ব সহকারে আইন শৃংখলার বিষয়টি বিবেচনা করছে স্থানীয় প্রশাসন।
জেলা পুলিশের গোয়েন্দা সংস্থার করা তালিকা মোতাবেক ১১৩টি ভোট কেন্দ্রের ৫৭টি ঝুঁকিপূর্ণ এবং ৫৬টি কম ঝুঁকিপুর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুলিশের বিশেষ শাখা সূত্রে বলা হয়েছে, ভোটের দিন ১১৩টি কেন্দ্রে ২৮৩০ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হবে। এর মধ্যে ৯৭ জন বিজিবি সদস্য, র্যাব এবং ৩টি ইউনিয়নে জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
প্রতিটি ভোট কেন্দ্রে ৪ জন সশস্ত্র পুলিশ ও ৪ জন সশস্ত্র আনসার সর্বক্ষণ মোতায়েন থাকবে। এ উপজেলায় ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫০ জন, সাধারণ সদস্য পদে ৩৮২ এবং সংরক্ষিত সদস্য পদে ১০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে ২ লাখ ২০ হাজার ৫৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ১১ হাজার ১২২ জন এবং নারী ভোটার রয়েছে ১ লাখ ০৯ হাজার ৪৩৯ জন। নির্বাচনে ১১৩ জন প্রিজাইডিং অফিসার, ৬২১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ২শ ৪২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
এদিকে, আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী প্রার্থীদের দ্বন্দ্বের সুযোগে বিএনপি প্রার্থীরা সুবিধা আদায়ের চেষ্টা করছে। তবে মহেশপুর উপজেলা বিএনপিতে নেতৃত্ব নিয়ে চরম দ্বন্দ্ব থাকায় মাঠ পর্যায়ে এর প্রভাব পড়েছে। ফলে জামায়াতের সাথেও সৃষ্টি হয়েছে দূরত্ব। মহেশপুর এলাকায় আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য নবী নেওয়াজ ও সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চলের মধ্যে দ্বন্দ্বের জের পড়েছে ভোটের মাঠেও।
এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগও বিএনপি সবগুলো ইউনিয়নে প্রার্থী দিয়েছে। সরকারি দল আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী রয়েছে ৪ জন আর বিএনপিতে ৫ জন।
এমই





