পাঁচ দফা দাবি পূরণে তিন দিনের আলটিমেটাম দিয়ে কাজে যোগ দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা।
রোববার দুপুর আড়াইটা থেকে তারা কাজে যোগ দেন বলে জানান ইন্টার্নি চিকিৎসক পরিষদের সভাপতি ডা. আল আমিন এইচ সরকার।
তিনি বলেন, তিন দিনের মধ্যে আমাদের পাঁচ দফা দাবি পূরণ না হলে আগামি ২১ এপ্রিল থেকে আবারো লাগাতার কর্মবিরতির ঘোষণা দেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে তারা কর্মবিরতি প্রত্যাহার করে কাজ যোগ দিয়েছেন।
হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম বলেন, ইন্টার্নি চিকিৎসকদের দাবি মেনে নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে তারা কাজে যোগ দিয়েছেন। তাদের যেন আর কর্মবিরতিতে যেতে না হয় সে জন্য দাবিগুলো পূরণের চেষ্টা করা হচ্ছে।
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে ইন্টার্নি চিকিৎসকদের হাতাহাতির ঘটনা ঘটে। এর প্রতিবাদে ইন্টার্নি চিকিৎসকরা বিক্ষোভ করে জরুরি বিভাগে ভাঙচুর চালায়।
এসময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে তারা ৫ দফা দাবির ঘোষণা দিয়ে কর্মবিরতি শুরু করেন। শনিবার সন্ধ্যায় চিকিৎসকদের লাঞ্ছিত ও ভাঙচুরের ঘটনায় ছয় থেকে সাতজন ব্যক্তিকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করা হয়।
ওএফ





