গাজীপুরে মশার কয়েল থেকে আগুন লেগে একই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। অগ্নিদগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুর মহানগরের ছয়দানা গ্রামে বুধবার ভোর পৌনে ৪টায় ওই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিদ্বগ্ধ তিনজন হলেন, মো. জুয়েল মিয়া (২৫), স্ত্রী মুন্নী আক্তার (২০) ও তাদের ৬ মাসের সন্তান।ছয়দানা এলাকার জনৈক সফিউদ্দিনের ভাড়াটিয়া জুয়েল ও মুন্নী স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আক্রাম হোসেন জানান, আহতরা ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে ছিলেন জুয়েল ও মুন্নী। ভোর পৌনে ৪টার দিকে ঘরের ভেতরে আগুন দেখে তারা চিৎকার শুরু করে। মশার কয়েল থেকে প্রথমে মশারিতে আগুন লেগে তারপর পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





