সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য সামরিক প্রদর্শনী ও মহড়ায় ‘International Maritime Defence Exhibition (IMDEX) Asia-2015’ অংশ নিতে চট্টগ্রাম ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ধলেশ্বরী’।
শুক্রবার (০৮ মে) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম মঈনুল হাসানের নেতৃত্বে ২৭ জন কর্মকর্তা এবং ১০৫ জন নাবিকসহ সর্বমোট ১৩২ জন নৌসদস্য সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা হন।
এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আখতার হাবীব ও কমডোর কমান্ডিং বিএন ফ্লোটিলা কমডোর এম আবু আশরাফসহ স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা তাদের বিদায় জানান।
সিঙ্গাপুরে যাওয়ার আগে জাহাজটি মালয়েশিয়ার Lumut বন্দরে এবং মহড়া শেষে দেশে ফেরার পথে মালয়েশিয়ার Penang বন্দরে শুভেচ্ছা সফরে করবে।
আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী এ প্রদর্শনী ও মহড়ায় বাংলাদেশ, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানী, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, গ্রিস, আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌ প্রধান এবং যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, ফ্রান্স, কোরিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের কোস্টগার্ড ও মেরিটাইম সিকিউরিটি এজেন্সিসমূহ অংশ নেবে।
আগামী ৩১ মে জাহাজটির দেশে ফেরার কথা রয়েছে।
ইআর





