আশুলিয়ায় পোশাককর্মী জেসমিন বেগম হত্যার ঘটনার প্রধান আসামি ঘাতক স্বামী রাজ্জাকসহ ৩ জনকে রংপুর নগরীর তাজহাট এলাকা থেকে বুধবার বিকেলে গ্রেফতার করেছে পুলিশ।
কোতোয়ালি থানার এসআই হোসেন আলী জানান, ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কাজ করতেন জেসমিন বেগম। সেখানে তার স্বামী রাজ্জাকের সঙ্গে একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করতেন। গত ১০ অক্টোবর তাদের বন্ধ ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে আশুলিয়া থানায় খবর দেন এলাকাবাসী। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে জেসমিনের গলিত লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত জেসমিনের শরীরে আঘাতের চিহ্ন পায় পুলিশ।
এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে নিহত জেসমিনের স্বামী রাজ্জাক পলাতক ছিল। গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় রংপুর নগরীর তাজহাট আনছারী মোড় এলাকা থেকে ঘাতক রাজ্জাক তার দ্বিতীয় স্ত্রী কাকলি বেগম এবং মা আয়েশা বেগমকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক স্বামী রাজ্জাক হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতার হওয়া রাজ্জাকের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার বিরাহিম কুঠিয়াল গ্রামে।
জেআই





