রাজশাহীতে জনি (২০) নামে এক শিবিরকর্মীকে আটকের পর পুলিশ মধ্যরাতে তার পায়ে গুলি করেছে। গুরুতর আহত জনি এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নগরীর তেরখাদিয়ার ডাবতলা এলাকায় মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশের দাবি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর বিনোদপুর এলাকা থেকে শিবিরকর্মী জনিকে আটক করে গোয়েন্দা পুলিশ।

তিনি আরও বলেন, জনিকে নিয়ে রাত ২টার দিকে তেরখাদিয়া এলাকায় অভিযানে গেলে শিবিরকর্মীরা পুলিশের গাড়িতে ককটেল হামলা চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এ সময় জনি পিকআপভ্যান থেকে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হন।

তার দাবি, এ সময় ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। শিবিরকর্মীদের ছোড়া ককটেলের স্প্লিন্টারে রেজাউল ইসলাম নামে এক কনস্টেবল আহত হন।

তবে জনির পরিবারের সদস্যরা জানিয়েছেন, পুলিশ ঠাণ্ডা মাথায় তার পায়ে গুলি করেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের অর্থপেডিক সার্জারি বিভাগের ইউনিট প্রধান আলমগীর হোসেন জানান, আহত জনির বাম পায়ে গুলি লেগেছে। তবে তিনি শঙ্কামুক্ত।

এমকে