পূর্বশক্রতার জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে সাইফুজ্জামান সমাদ্দার (৫৫) নামে সরকারি হাসপাতালের এক কর্মচারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলার চরমাটলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুজ্জামান সমাদ্দারের বাড়ি কাশিয়ানী উপজেলার মাটলা গ্রামে। তিনি সদর উপজেলার গোপীনাথপুর ১০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের মালি হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের ছেলে সবুজ সমাদ্দার জানান, ওই এলাকার শহীদ সমাদ্দারের সঙ্গে সাইফুজ্জামান সমাদ্দারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। একই বংশের শহীদ সমাদ্দার ও তার লোকজন হাত-পা বেঁধে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে।

কাশিয়ানী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, দুপুরে জমির ফসল দেখতে বাড়ি থেকে বের হলে সাইফুজ্জামান সমাদ্দারকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

কেএইচ