পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু করিম বাহিনীর প্রধান করিম ও আলামিন নামে তার এক সহযোগী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার রাত ১২টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনা নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ করিম জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে ও আলামিন একই গ্রামের কাশেম গাজীর ছেলে। এ ঘটনায় শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমরান ও নাজমুল এবং কনস্টেবল সোনা মিয়া আহত হয়েছেন।

পুলিশের দাবি, রোববার সকালে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খলিসাবুনিয়া এলাকা থেকে করিম ও আলামিনকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনগণ। পরে করিম ও আলামিনের স্বীকারোক্তি অনুযায়ী রাতে তাদের নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য চুনা নদীর পাড়ে যায় পুলিশ।

এসময় সেখানে অবস্থানরত করিম বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধ চলার কিছুক্ষণ পর দস্যুরা পালিয়ে যায়। এ ঘটনায় করিম ও আলামিন গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পাইপ গান, ছুরি ও গুলি উদ্ধার করা হয়েছে আহত এসআই ইমরান জানান।

এআর