বাগেরহাটে কোর্ট এলাকায় বাসের ধাক্কায় ওমর আলী নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওমর আলী বাগেরহাট সদর ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওমর আলী বাইসাইকেল নিয়ে বাগেরহাট কোর্ট এলাকার যাত্রী ছাউনির সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় বাগেরহাট থেকে খুলনাগামী একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতাল ভর্তি করায়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বাগেরহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুল হালিম চৌধুরী জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে (খুলনা ব-৯৩৩) আটক করা সম্ভব হলেও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এমই





