ফরিদপুরের ভাঙ্গায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা আক্কাচ শিকদার(৫৫) খুন হয়েছেন। সোমবার রাতে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাম্মনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। অভিযুক্ত ছেলের নাম শাহ আলম শিকদার(১৭)।
এই ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী জেয়াসমিন আক্তার।
তিনি বলেন, স্বামী তিন বিয়ে করেছেন। আমি তার ছোট স্ত্রী। প্রথম স্ত্রী মুক্তি বেগমের ছেলে শাহ আলম শিকদার মাদকের টাকার জন্য প্রায়ই তার বাবাকে বিভিন্নভাবে নির্যাতন করত। এছাড়াও পারিবারিক কলহ নিয়ে প্রায়ই ঝগড়া বিবাদ ছিল বাবা-ছেলের মধ্যে।
তিনি আরো জানান, সোমবার রাতে আক্কাচ শিকদার কাবতলী বাজারে তার মুদি দোকানে বসে ছিলেন। সে সময় মাদকাসক্ত শাহ আলম শিকদার তার বাবার কাছে টাকা-পয়সা চাইলে এ নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায় তার সাথে থাকা চাকু দিয়ে বাবাকে একাধিকবার আঘাত করেন ছেলে শাহ আলম। এতে ঘটনাস্থলেই মারা যান আক্কাচ শিকদার।
ভাঙ্গা থানার ওসি(তদন্ত) মিরাজ হোসেন জানান, কাবতলী বাজারে মুদি দোকানে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন হয়েছে, এমন খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে সত্যতা পাই। আক্কাচ শিকদারকে হত্যার সময় তার ভাতিজা পল্লী চিকিৎসক আয়নাল শিকদার এগিয়ে আসলে তাকেও চাকু দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায় শাহ আলম শিকদার।
এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, হত্যাকারীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





