নগরীর টুটপাড়া সেন্ট্রল রোড থেকে ওয়ান শুটার গান ও ৩ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে খুলনা সদর থানা পুলিশ। শনিবার বিকেলে এসআই আনোয়ার ও সুজিতের একটি টিম তাদের আটক করেন ।আটককৃতরা হলেন, আরিফ (২১), শামীম (২২) ও সোহাগ (২৩)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বিশ্বস্ত সূত্রের মাধ্যমে খবর পেয়ে এসআই আনোয়ার ও সুজিত পুলিশ সদস্যদের একটি দল নিয়ে নগরীর পিটিআই মোড় এলাকায় অবস্থান নেন। দুপুরে সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে থামতে সংকেত দেন তারা। এ সময় মোটরসাইকেল আরোহীরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন । পুলিশও তাদের ধাওয়া করে। এক পর্যায়ে টুটপাড়া সেন্ট্রাল রোডের মাথায় গিয়ে তাদের আটক করেন পুলিশ ।
এ সময় তাদের দেহ তল্লাশি করে আরিফের কাছ থেকে একটি ওয়ান শুটার গান এবং শামীম ও সোহাগের কাছ থেকে এক রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি ও দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও (খুলনা মেট্রো-ল-১১-৭৩৪১) জব্দ করা হয়। এ ব্যাপারে খুলনা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
পুলিশ জানায়, তারা পেশাদার সন্ত্রাসী। আটককৃত শামীম নগরীর নতুনবাজার লঞ্চঘাট এলাকার আব্দুর রশিদের ছেলে। সোহাগ একই এলাকার খ্রিস্টান গলির সেকেন্দার আলীর ছেলে ও আরিফ রুপসার জয়পুর জহরের বটতলার আব্দুল জব্বারের ছেলে।
মামুন/জেড





