বৈশ্বিক মহামারি করোনার এই সময়ে পবিত্র রমজান মাসে যথাযথ স্বাস্থ্য ও সুরক্ষাবিধি মেনে ইবাদত-বন্দেগি করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ।
একই সাথে তিনি সমাজের সচ্ছল জনগোষ্ঠীকে মহামারিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসারও আহ্বান জানান।
পবিত্র মাহে রমজান উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই আহ্বান জানান। খবর বাসস’র।
পবিত্র মাহে রমজান উপলক্ষে তিনি দেশবাসীসহ বিশ্ব মুসলিম উন্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
তিনি বলেন, “বছর ঘুরে বরকতময় মাহে রমজান আমাদের মাঝে সমাগত। অশেষ বরকত, মাগফেরাত ও নাজাতের এ মাস মহান আল্লাহর নৈকট্য এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয়। সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমালাভের জন্য যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সমগ্র মুসলিম উন্মাহ এ মাসটি পালন করে থাকে। সিয়াম ধনী-গরীব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।”
রাষ্ট্রপতি বলেন, “রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুবাধন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর সঠিক প্রতিফলন ঘটাতে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলে অবদান রাখবেন এ প্রত্যাশা করি।”
আব্দুল হামিদ বলেন, এবার পবিত্র রমজান মাস আমরা এমন একটি সময়ে পালন করছি যখন বাংলাদেশসহ সারাবিশ্ব নভেল করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত। তিনি রমজান মাসে যথাযথ স্বাস্থ্য ও সুরক্ষাবিধি মেনে ইবাদত-বন্দেগি করা এবং সচ্ছল জনগোষ্ঠীকে মহামারিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, “রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ও সবার মাঝে ছড়িয়ে পড়ুক। রমজানের পবিত্রতায় সকলের জীবন ভরে উঠুক। পরম করুণাময় যেন বিশ্ববাসীকে এ মহামারি থেকে রক্ষা করেন এই প্রার্থনা করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।”
এমবি





