সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জশিট থেকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর নাম প্রত্যাহেরর দাবিতে কাউন্সিলরদের আলোর মিছিলে বাধা দিয়েছে পুলিশ। পুলিশি বাধায় মিছিল করতে পারেননি তারা। পরে তারা নগরীর সিটি পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করে।

রোববার সন্ধ্যা ৭টায় নগরভবন থেকে মিছিলটি বের করেন কাউন্সিলররা। মিছিলের শুরুতেই নগরভবনের প্রধান ফটকের সামনে বাধা দেয় পুলিশ। এসময় কাউন্সিলররা পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে কাউন্সিলররা মিছিল বাদ দিয়ে সিটি পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন- পুলিশ কাউন্সিলরদের শান্তিপূর্ণ আলোর মিছিলে বাধা দিয়ে নগরবাসীর মনে কুঠারাঘাত করেছে। তাই কাউন্সিলররা হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর প্যানেল মেয়র অ্যাডভোকেট সালেহ আহমদ, প্যানেল মেয়র অ্যাডভোকেট  রোকসানা বেগম শাহনাজ, রেজওয়ান আহমদ, ফরহাদ চৌধুরী শামীম, সৈয়দ মিসবাহ, সৈয়দ  তৌফিকুল হাদী, এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, আবদুর রকিব তুহিন, সাইফুল ইসলাম বাকের, আবদুল মুহিত জাবেদ, দেলওয়ার হোসেন সজীব, রাজিক মিয়া, আমিনা বেগম রুমি, সালেহা কবীর শেপী প্রমুখ।

সিলেট কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান বলেন, ‘কাউন্সিলরদের আলোর মিছিলের কোনো অনুমতি ছিল না। অনুমতিবিহীন কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ।’

কাউন্সিলর রেজওয়ান আহমদ বলেন, ‘মামলা থেকে মেয়র আরিফের নাম প্রত্যাহারে দাবিতে কাউন্সিলরদের ঘোষিত ১৫দিনের কর্মসূচির ব্যাপারে  পুলিশকে আগে থেকেই অবগত করা হয়েছিল। কর্মসূচি রিসিডিউলড হলে পুলিশকে আবারো জানানো হয়। কিন্তু তারপরও ওসি আসাদুজ্জামান বিষয়টি অস্বীকার করে শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছেন।’

সিসিকের আরেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম জানান- অদৃশ্য শক্তির ইশারায় রহস্যজনক কারণে পুলিশ মিছিলে বাধা দিয়েছে। এর পরিণাম ভালো হবে না।

জেআই