রাজধানীর মোহাম্মদপুরে এক কিশোরী গৃহপরিচারিকাকে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্কে বাধ্য করার অভিযোগ আনা হয়েছে এক আইনজীবীর বিরুদ্ধে। ওই কিশোরী এখন ৭ মাসের অন্তঃসত্ত্বা। অভিযুক্ত আইনজীবী আব্দুল হামিদের বিরুদ্ধে গৃহপরিচারিকার বাবা আসাদুল্লাহ হাওলাদার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
বুধবার গৃহপরিচারিকার মা ফরিদা বেগম জানান, আট মাস আগে আমার ১৪ বছরের মেয়েকে মোহাম্মদপুর এলাকার চাঁন মিয়া হাউজিংয়ের সি ব্লকের ৪২/২ নম্বর বাড়িতে আইনজীবী হামিদের বাসায় কাজে দেই। সোমবার আইনজীবীর স্ত্রী আমাকে বাসায় ডেকে মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান। পরে পরিবারের মধ্যে আলোচনা করে মেয়েসহ তাকে উত্তরায় এক চিকিৎসকের কাছে নিয়ে যান হামিদ। সেখানে তাদের রেখে হামিদ চলে আসেন।
তিনি আরও জানান, ওইদিন রাতে বাচ্চা নষ্ট করার জন্য চিকিৎসক ব্যবস্থা নেয়। কিন্তু আমার মেয়ে ভয় পায়। তাই আর তা করা হয়নি।
গৃহপরিচারিকার মা জানান, পরদিন মঙ্গলবার বিকালে হামিদ নিজের গাড়িতে করে তাদের উত্তরা থেকে মোহাম্মদপুরে নিয়ে আসেন। বেড়ী বাঁধে তাদের বাসার কাছে মা-মেয়েকে নামিয়ে দিয়ে চলে যান তিনি।
মামলার পর আসামিকে ধরতে মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিংয়ের বাসায় অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি বলে মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক জানিয়েছেন।
তিনি বলেন, ‘মেয়েটিকে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।’
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





