চাঁপাইনবাবগঞ্জে দেড় বছরের শিশু সন্তান হত্যার দায়ে বাবা আব্দুল হালিমকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

বুধবার (১৫ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ এনামুল বারী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল হালিম গোমস্তাপুর উপজেলার লক্ষ্মীনারায়ণপুরের নূহু মুন্সীর ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের ৪ অক্টোবর আব্দুল হালিম ভোলাহাট উপজেলার নাজিরপুরে তার শ্বশুর বাড়িতে যান এবং নিজের জমি বিক্রি করার জন্য স্ত্রী আয়েশা বেগম প্রিতির সঙ্গে আলোচনা করেন। স্ত্রী জমি বিক্রিতে আপত্তি জানালে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে স্ত্রী ঘর থেকে বাইরে আসলে আব্দুল হালিম প্যান্টের বেল্ট গলায় পেঁচিয়ে দেড় বছরের শিশু মোহাম্মদ রিফাতকে শ্বাসরোধ করে হত্যা করে। ওইদিনই স্ত্রী আয়েশা বেগম প্রিতি বাদী হয়ে আব্দুল হাকিমকে আসামি করে ভোলাহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

২০১২ সালের ৭ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কমকর্তা ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) খাইরুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন।

এমই