ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় এক পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ওই পুলিশ সদস্যের নাম আনিস। তিনি নায়েক পদে কর্মরত ছিলেন।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এস এম জাহাঙ্গীর আলম বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ছাত্র ইউনিযনের নেতা-কর্মীদের ওপর হামলার দায়ে আনিসকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি এ ঘটনা তদন্তে যুগ্ম-পুলিশ কমিশনার (লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মো. বেলালুর রহমানকে সভাপতি করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) কৃষ্ণপদ রায় ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি।
উল্লেখ্য, গত পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এবং সোহরাওয়ার্দী উদ্যানের গেটে বখাটেদের হাতে কয়েকজন নারী লাঞ্ছিত হন। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দফতর ঘেরাওয়ের চেষ্টা করেন ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের হামলায় ওই প্রগতিশীল ছাত্র সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্তত ২০ নেতা-কর্মী আহত হন।
কেএইচ





