নারায়ণগঞ্জে এবার ট্রাফিকের ভূমিকায় নেমেছেন স্থানীয় এমপি শামীম ওসমান।
শনিবার বিকাল ৩টার দিকে তিনি চাষাঢ়া এলাকায় সশরীরে নেমে যানজট নিরসনে কাজ শুরু করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার থেকে শামীম ওসমান ফুটপাতে হকার বসার প্রতি সমর্থন জানান এবং হকারদের কারণে যাতে যানজট সৃষ্টি না হয় সেজন্যই তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে নিজেই যানজট নিরসনে রাস্তায় নেমেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ৩টায় এমপি শামীম ওসমান ছাত্রলীগের যানজট নিরসনে চলমান কর্মকাণ্ড পরিদর্শন করতে চাষাড়া এলাকায় আসেন।
এসময় তিনি নিজেই রাস্তায় নেমে 'ট্রাফিক কর্তা' বনে যান। নিজেই রাস্তার ওপর পার্কিং করা গাড়ি সরিয়ে দেয়া থেকে শুরু করে যানবাহন চলাচলে দিকনির্দেশনা প্রদান করেন। বিভিন্ন মার্কেট সংলগ্ন পরিবহনের বাস কাউন্টারের সামনে গিয়ে একটির বেশি বাস পার্কিং না করার অনুরোধ করেন।
এসময় শামীম ওসমান সাংবাদিকদের বলেন, 'রোজার মধ্যে যানজটের কারণে লোকজনদের দুর্ভোগ পোহাতে হয়। এর আগে জানুয়ারিতে আমরা কাজ করে কিছু প্রস্তাবনা সিটি কর্পোরেশনকে দিয়েছিলাম। তারা সেগুলো কর্ণপাত করেনি। এবারের রোজার মধ্যে শহরের যানজট নিরসনে ছাত্রলীগের নেতাকর্মীরা কাজ করছে।'
এমআইএস





