স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পদক ২০১৪ পেলেন চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী এবং গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন শনিবার সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এ পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
খ্যাতিমান এই ২ ব্যক্তির হাতে পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প-সমালোচক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ, আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ ও কন্যা শাওন মাহমুদসহ আলতাফ মাহমুদের ভক্ত ও অনুরাগীরা।
অনুভূতি প্রকাশ করে শিল্পী কাইয়ুম চৌধুরী বলেন, আমি অত্যন্ত সম্মানিত, গর্বিত ও আনন্দিত যে আমাকে আলতাফ মাহমুদ ফাউন্ডেশন থেকে এ পুরস্কারটি দেওয়া হয়েছে। আমি যে আজ এখানে কথা বলতে পারছি তা আলতাফ মাহমুদের আত্মদানেরই ফসল। তার ত্যাগ অনেক মানুষকে বাঁচার সুযোগ করে দিয়েছে।এসময় তিনি আলতাফ মাহমুদের বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরেন।
অনুভূতি প্রকাশ করে আহমেদ ইমতিয়াজ বুলবুল বলেন, আজকে আমি যে পুরস্কারটি পেলাম এটি আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। একজন মুক্তিযোদ্ধার স্মৃতি রক্ষা পুরস্কার আরেকজন মুক্তিযোদ্ধা পাবে এর চেয়ে আনন্দের আর কী হতে পারে।
আলতাফ মাহমুদ সম্পর্কে তিনি বলেন, আলতাফ মাহমুদ সম্পর্কে বলার মতো সাহস আমার নেই। হয়তো আমরা এক সময় থাকবো না, অনেকের পতন ঘটবে, হাজার হাজার বছর পেরিয়ে যাবে। তবুও এতটুকু বিশ্বাস দুটি গান রয়ে যাবে, একটি হলো কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমাদের জাতীয় সংগীত এবং আলতাফ মাহমুদের সুর করা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। আলতাফ মাহমুদ থেকে তরুণ প্রজন্ম সর্বদাই শিক্ষা গ্রহণ করতে পারে। এসময় তিনি পদকটি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে পুরস্কারের অর্থমূল্য ফিরিয়ে দেন। এসময় তিনি একটি হল বা মিলনায়তন আলতাফ মাহমুদের নামে নামকরণের বিশেষভাবে আহবান জানান। এমনকি এ সরকারের আমলে এটি দেখে যাওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্যকর্মী শিমুল ইউসুফ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





