চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ট্রাক্টরের চাপায় আরিফুর রহমান (২৬) নামে এক পুলিশ কনেস্টেবল নিহত হয়েছেন।

বুধবার (১ জুন) দুপুর দেড়টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুর রহমান উপজেলার গয়েশপুর গ্রামের আবু বক্করের ছেলে। তিনি ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানার ভবানীপুর ক্যাম্পে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, আরিফুর রহমান কর্মস্থল থেকে ছুটি নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি আসছিলেন। পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমানে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলার (ট্রাক্টর) ওই মোটরসাইকেলটিকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা এ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার ছুফী উল্লাহ জানান, এ ঘটনায় ট্রাক্টরটি আটক করেছে পুলিশ। তবে দুর্ঘটনার পর পর চালক পালিয়ে গেছে।

ওএফ