জাতীয় সংসদে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা) আসনের উপনির্বাচন হবে শিগগিরই। নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলেও সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন।

ইতিমধ্যে অনেকেই এলাকায় ফেস্টুন, প্লাকার্ড, ব্যানার, পোস্টার সাটিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন।

প্রার্থীরা এলাকার সার্বিক উন্নয়ন করার প্রতিশ্রুতিও দেওয়া শুরু করেছেন।

বিগত দিনের ভুল বোঝাবুঝির অবসান এবং জনগণের কাছে নিজেদের গ্রহণযোগ্য করে তুলতে এলাকায় আলোচনা সভা, মতবিনিময়, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহন করে ভোটারদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষেরও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা।

উপ-নির্বাচনে অংশ নিতে আগ্রহী আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হলেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী এটিএম লুৎফর রহমান দিলু, প্রয়াত সাংসদ ইসহাক হোসেনের পুত্র ইমরুল হোসেন তালুকদার (ইমন), বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সুইট, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, মহিলা আওয়ামী লীগ ঢাকা মহানগর (উত্তর) দপ্তর সম্পাদক রিটা কে আফজাল, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বর্ষিয়ান নেতা আলহাজ্ব গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন, বৃহত্তর পাবনা ও দিনাজপুর অঞ্চলের ট্রাস্টি ও রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়, বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাজ্য সুইডেনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলী তালুকদার (আখী), স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও ঢাকা শিশু হাসপাতালের ইউরোলজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ আব্দুল আজিজ, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিন্নাহ আলমাজী, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি নাসির উদ্দিন মাহমুদ, শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, রায়গঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম শিহাব, তাড়াশ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও বারুহাস ইউনিয়নের চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব সুজন, রায়গঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রফেসর জাকির হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী এ.এইচ. এম মহিবুল্লাহ মহিব, প্রাক্তন এমপি রওশনুল হক মতি মিয়ার মেয়ে রাশিদা বানু বেবী, ইঞ্জিনিয়ার সাহেদ। 

এ উপ-নির্বচনকে কেন্দ্র করে চা স্টল থেকে শুরু করে হাট বাজার ও লোকালয়ে আলোচনার ঝড় উঠেছে। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা কেন্দ্রীয় পর্যায়ে জোর লবিং শুরু করে দিয়েছেন। এখন দেখার বিষয় সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ-তাড়াশ আসনে কে ধরছেন নৌকার হাল।

গত ৬ অক্টোবর সিরাজগঞ্জ-৩ আসনের এমপি ইসহাক হোসেন তালুকদার মারা যাওয়ায় সংসদীয় এ আসন শুন্য হয়ে যায়।

আইন অনুযায়ী কোন আসন শূন্য ঘোষনার ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়। সেক্ষেত্রে এ আসনে আগামী ৪ জানুয়ারীর মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।

জেআই