রাজধানীর ভাষানটেকে উদ্ধার হওয়া গুলিবিদ্ধ লাশের পরিচয় মিলেছে। লাশটি টাঙ্গাইল জেলার সদর উপজেলার টিলাবাড়ী এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে আল আমীনের (৩০) বলে জানা গেছে।

নিহতের মামাত ভাই বিল্লাল হোসেন জানান, আল আমীন রাজমিস্ত্রীর কাজ করতেন। দুই বছর ধরে তিনি বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। মঙ্গলবার সকালে বাজার করার উদ্দেশে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

তিনি জানান, বুধবার বিকেলে অপরিচিত এ ব্যক্তি তাকে মোবাইলে জানায় আল আমীনের লাশ ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে পড়ে আছে। পরে তিনি লক্ষীবাজার থেকে ঢামেক হাসপাতালে এসে লাশ শনাক্ত করেন। আল আমীনের পরিবারের সদস্যরা লাশ নিতে ঢাকা আসছেন বলেও জানান তিনি।

ভাষানটেক থানার শিল্পেরটেক মাঠ থেকে মঙ্গলবার গভীররাতে গুলিবিদ্ধ ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

ভাষানটেক থানার এসআই নাসির উদ্দিন তুহিন বুধবার সকালে জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ওই যুবকের বাম কানে ও বুকের বাম পাশে গুলি করে হত্যা করেছে।

তবে ওই যুবকের হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি এসআই নাসির উদ্দিন।

তিনি জানান, নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এএইচ/ইআর