বরিশালে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। ‘নারীর ক্ষমতায়ন মানবতার উন্নয়ন’ এ প্রতিপাদ্য নিয়ে দিবস উদযাপিত হচ্ছে।
এ দিবস উপলক্ষে মানববন্ধনের মধ্য দিয়ে শুক্রবার সকাল ১০টায় চার দিনের কর্মসূচির সূচনা হয়েছে।
অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম। মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন জেলা প্রশাসক মো. শহীদুল আলম।
প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, ‘সমাজ তথা দেশের অগ্রগতির জন্য নারীর উন্নয়নের কোনো বিকল্প নেই। নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা কিছু কমে আসলেও এখন নতুন পন্থায় নির্যাতন হচ্ছে। প্রত্যেককে বুঝতে হবে নারীর প্রতি সহিংসতা বা নির্যাতন করলে দেশ পিছিয়ে যাবে। তাই দেশ ও দশের উন্নয়নের জন্য নারীর কল্যাণ ও অগ্রগতির জন্য আমাদের কাজ করতে হবে।’
এ সময় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, মহিলা পরিষদের সহ-সভাপতি নূরজাহান বেগম, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে এ কর্মসূচিতে বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন।
এমকে





