সাভারে তিনটি মাছের বাজারে অভিযান চালিয়ে প্রায় ২০০ কেজি জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুর, ফুলবাড়িয়া ও সাভার বাজার বাসস্ট্যান্ডের কাঁচাবাজার সংলগ্ন মাছ বাজারে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
পরে জব্দ মাছগুলো উপজেলার কয়েকটি মাদ্রাসা, এতিমখানা ও স্থানীয় দুস্থদের মধ্যে বিতরণ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সলিমুল্লাহ।
মো. সলিমুল্লাহ জানান, বাজারে প্রচুর পরিমাণ জাটকা বিক্রি হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। অভিযানে সাভার কাঁচাবাজার সংলগ্ন মৎস্য আড়ত থেকে প্রায় ২০০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বিক্রেতারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জাটকা বিক্রি বন্ধে আগামী জুন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
কেএইচ





