ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্মাণ চলাকালে সাইক্লোন সেল্টারের দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে মো. সেলিম (৩৫) নামে এক উপ-সহকারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ২টার দিকে উপজেলার উদয়পুর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম ময়মনসিংহ জেলার বাসিন্দা ও ফায়েল খায়ের গ্রুপের প্রকৌশলী ছিলেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন রায় চৌধুরী জানান, দুপুরের দিকে ওই প্রকৌশলী উদয়পুরের একটি সাইক্লোন সেল্টারের কাজ পরিদর্শন করতে যান।

সেখানে গিয়ে তিনি সেল্টারের দোতলার ছাদে ওঠেন। হঠাৎ অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মৃতদেহ ভোলা সদর হসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমকে