নাটোর থেকে চার কোটি টাকা হাতিয়ে নিয়ে ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট এমসিএস কোম্পানী লিমিটেড (আরডিপি) অফিস গুটিয়ে গা ঢাকা দিয়েছে।

এর প্রতিবাদে শনিবার সকালে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেছেন গ্রাহকরা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আব্দুস সালাম, আতিক হাসান ও মিজানুর রহমান।

বক্তারা বলেন, আরডিপি সংস্থাটি বছর খানেক আগে শহরের কানাইখালীতে একটি অফিস নিয়ে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন ও নানান রকম প্রলোভনের প্রচারে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখিয়ে নাটোর থেকে চার হাজারেরও বেশী গ্রাহকের কাছ থেকে প্রায় চার কোটি টাকা হাতিয়ে নেন।

পরে গত রোজার ঈদের ১৫দিন পর অফিসটি গুটিয়ে কর্মকর্তারা গা ঢাকা দেন। ক্ষতিগ্রস্থ গ্রাহকরা সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান সৌরভের সাথে যোগাযোগ করলে তিনি টাকা ফেরত দেয়ার অঙ্গীকার করে দিব দিচ্ছি করে ঘোরাতে থাকেন।

শেষে সবার চাপে পরে চার কোটি টাকার বিপরীতে গ্রাহকদের নামে ৩৩ শতক জমি দেয়ার প্রস্তাব করেন। গ্রাহকরা ঐ নম্বরের দলিলের খোঁজ নিয়ে জানতে পারেন দলিলটি জাল।

গ্রাহকরা সহায় সম্বল বিক্রি করে টাকা এই সংস্থায় টাকা বিনিয়োগ করে এখন চরম অর্থ কষ্টে দিন কাটাচ্ছে। বক্তাগণ অবিলম্বে সংস্থার ব্যবস্থাপনা পরিচালকে গ্রেফতার সহ বিনিয়োগের টাকা ফেরত দেয়ার দাবী জানান।

এসএইচ