মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামে রড দিয়ে পিটিয়ে একজনকে হত্যা করা হয়েছে। নিহতের নাম সুশান্ত চন্দ্র সরকার (২৩)।

বৃহস্পতিবার রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের মামা মন্টু চন্দ্র সরকার (৩৫)। তাঁকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিছুদিন আগে প্রতিবেশী কমল দুই হাজার টাকা ধার নেন। কয়েক দিন আগে ৭০০ টাকা শোধ করেন তিনি।

ঘটনার দিন রাত ৯টার দিকে হরগজ চরপাড়া ওমর আলীর চায়ের দোকানে তাঁর কাছে ওই ৭০০ টাকা ফেরত চান কমল। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তাঁকে কিলঘুষি দেন কমল।

এ সময় স্থানীয়রা তাঁদের শান্ত করে সেখান থেকে সরিয়ে দেন। এর পরপরই কমল, বিমল, শ্যামল, পরেশ ও সাগর লোহার রড এবং লাঠিসোটা নিয়ে মন্টুর বাড়িতে হামলা করেন।

মন্টু ও তাঁর মা তাপসী সরকারকেও মারধর করেন হামলাকারীরা। এ সময় মন্টুর ভাগ্নে সুশান্ত এসে বাধা দিলে হামলাকারীরা তাঁকেও মারধর করেন।

হামলাকারীরা মাথায় সজোরে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন সুশান্ত। এ সময় স্থানীয়রা এসে সুশান্ত ও মন্টুকে গুরুতর অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক সুশান্তকে মৃত ঘোষণা করেন বলে জানান মন্টু।

এসএম