জেলার জাজিরা উপজেলার বিকেনগর কদম আলী মাদবর কান্দি গ্রামে বাহরাইন প্রবাসী যুবক খুন হয়েছে। রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা তার ঘরে প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে।

নিহত ওই যুবকের নাম জামাল মাদবর (৩৫)। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে জামাল মাদবরের স্ত্রী মুক্তা বেগম ও দেলোয়র মোড়লকে আটক করেছে পুলিশ।

নিহতের ভাই ইউনুছ মাদবর জানান, শুক্রবার ঢাকা থেকে বাড়িতে আসেন। রবিবার রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় তার ভাইকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণে তার ভাইয়ের মৃত্যু হয়।

প্রায় ৩ মাস পূর্বে তার ভাই বাহরাইন থেকে বাড়ি এসে ঢাকায় ব্যবসা শুরু করেন। বর্তমানে তাদের ঘরে ৬ বছরের শিশু পুত্র মুন্না ও ৪ বছর বয়সের শিশু কন্যা জুতি রয়েছে বলে জানান তিনি।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় জামাল মাদবর ভাই দানেশ মাদবর বাদী হয়ে নিহতের স্ত্রী মুক্তা বেগম ও দেলোয়ার মোড়লকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। মামলার দু’আসামিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এএইচ