১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে খুলনার কয়রায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন।
বুধবার দুপুরে অনুষ্ঠানস্থলে চেয়ারে বসাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
আহতরা হচ্ছেন- ছাত্রলীগ নেতা মাকছুদুর রহমান, মো. আল-আমিন, গাজী মোস্তাফিজুুর রহমান, যুবলীগ সদস্য জামিরুল ইসলাম, উজ্জ্বল রায়, গোলাম কিবরিয়া ও ইকবাল কাদের। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল জানান, আলোচনা সভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত হলে অনেককে অফিস কক্ষের বাইরে বসতে দেওয়া হয়। এসময় চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন আহত হয়েছেন।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দু’পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। আহতদের স্থানীয় জায়গীর মহল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এএস





