বঙ্গবন্ধু সেতুতে পুলিশের চাঁদা দাবিকে কেন্দ্র করে ট্রাক চালককে মারধরের ঘটনায় ঘটনায় অভিযুক্ত এইআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর পরপরই টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে যানবাহন অবরোধ প্রত্যাহার করেছেন শ্রমিকরা।

ফলে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ রুটে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে শনিবার সকালে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে এক ট্রাক চালককে পুলিশ সদস্যের মারধরের ঘটনায় সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন যানবাহন শ্রমিকরা।

আজ শনিবার সকাল ৭টার দিকে ওই ঘটনার সূত্রপাত হয়। পরে প্রায় ১০টার দিকে অভিযুক্ত এসআই নূরে আলমকে সাময়িক বরখাস্ত করা হলে অবরোধ প্রত্যাহার করেন পরিবহন শ্রমিকরা।

জানা যায়, সকালে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় এলাকায় সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলাচলকারী একটি ট্রাক থামিয়ে চাঁদা দাবি করেন। এ সময় ওই ট্রাকচালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার মুখমণ্ডলে আঘাত করেন এসআই নূরে আলম। এতে ওই ট্রাক চালকের চোখ ফুলে যায়।

এই ঘটনা ছড়িয়ে পড়লে সেতু দিয়ে চলাচলকারী অন্য ট্রাকচালকরা সকাল ৭টার পর বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে মহাসড়কের ওপর এলোপাথারিভাবে ট্রাক রেখে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এর ফলে সেতু পূর্বপাড়ে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জেড