ফুটবল উন্নয়নে তহবিল গঠনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) লটারি প্রথম পুরস্কার ৩০ লাখ টাকা অথবা একটি ফ্ল্যাট জিতেছে কিং খান ওরফে আলামিন নামে এক ছাত্র। প্রথম পুরস্কার বিজয়ী টিকিট নম্বরটি হচ্ছে ঙ ০৪০৬৩৯৩।
মো. কিং খান শরীয়তপুর জেলার চিকন্দ্রী ইউনিয়নের হতদরিদ্র হাশেম হাওলাদারের ছেলে। সে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েরর দশম শ্রেণীর ছাত্র। ৬ ভাই ও ৪ বোনের মধ্যে কিং খান ৫ নম্বর।
বাফুফে ভবনে আলাপকালে কিং খান তার প্রতিক্রিয়া ব্যক্ত করে জানায়, ‘যখন পত্রিকায় দেখলাম, আমি প্রথম পুরস্কার পেয়েছি, দৌড়ে বাড়িতে গিয়ে মাকে জানালাম। সেকি যে আনন্দ বলে বুঝাতে পারবো না। আজ এখানে এসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে গেলাম।’
পুরস্কারের টাকা দিয়ে কী করবেন এমন প্রশ্নের জবাবে কিং খান বলেন, ‘আমরা খুবই গরিব। আমাদের ভাই-বোনদের পড়াশুনা করাতে বাবার অনেক কষ্ট হচ্ছে, তাই এ টাকা তাদের পড়াশুনায় ব্যয় করবো। আমাদের গ্রামে অকে আগ থেকেই ফুটবল খেলা হয়, ক্লাবও আছে। আমার ইচ্ছা নিজ গ্রামে একটি খেলোয়াড় দল গঠন করা।’
প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি বাফুফে ভবনে লটারির ড্র অনুষ্ঠানে প্রথম পুরস্কারের নম্বরটি তোলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সংসদ সদস্য সামসুল হক চৌধুরী, জাতীয় দলের ডাচ কোচ লুডিভিক ডি ক্রুইফ এবং বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
জেআই





