চট্টগ্রামের লোহাগাড়ায় পারিবারিক কলহের জেরে বড় ভাবির ছুরিকাঘাতে দেবর মোহাম্মদ ইউনুছ (৩৫) নিহত হয়েছেন।
বুধবার (২৩ জুন) রাতে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ কুমিরাঘোনা জাঙ্গলি পীর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ইউনুছ ওই এলাকার মৃত আলী আহমদের পুত্র। তার দুই ছেলে এক মেয়ে রয়েছে। এলাকাবাসী অভিযুক্ত নাছিমা আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নাছিমার স্বামীর নাম মো: ইউছুফ।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ বলেন, “বুধবার সন্ধ্যার দিকে বড় ভাই মোহাম্মদ ইউছুফের সাথে পারিবারিক বিষয় নিয়ে মেঝ ভাই ইউনুসের ঝগড়া শুরু হয়। এসময় ইউসুফের বউ নাছিমা তার দেবর ইউনুসকে ছুরিকাঘাত করেন। এতে গুরুত্বর আহত হন তিনি। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” পরে লোহাগাড়া পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা ওই নারীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ওসি জাকির হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা এলাকায় এসেছি। পারিবারিক বিরোধে ছুরিকাঘাতে দেবর ইউনুছ খুন হয়েছেন।
এমবি





