রাম-দা, চাপাতি ও লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় পুলিশ গুলি ছুড়লে ইবাদ আলী (২৮) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নিকড়া চক এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইবাদ আলী ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে পুলিশ।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, কয়েকদিন ধরে দোহার-নবাবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নিকড়া চক এলাকার সড়কে একদল ডাকাত মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের গতিরোধ করে ডাকাতি করছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে এসআই আতিকুরসহ আরো তিন কনস্টেবল দুটি মোটরসাইকেল নিয়ে ওই সড়কে যান। এ সময় পাঁচ থেকে ছয়জন ডাকাত রাম-দা, চাপাতি ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করে।

আত্মরক্ষার্থে পুলিশও কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এ সময় ইবাদ আলী নামে এক ডাকাত দুই পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হন এবং বাকিরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করেছে।

আহত ডাকাতকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন বলেও জানান এসআই আতিকুর।

এআর