আর মাত্র কয়েক ঘণ্টা পর গোটা জাতি উদযাপন করতে যাচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের ঢল নামবে।

এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শেষ হয়েছে সৌধের পরিষ্কার-পরিছন্নতা ও সাজসজ্জার কাজ। রং-তুলির ছোঁয়ায় বেড়েছে সৌধের সৌন্দর্য। নষ্ট বাতিগুলো ঠিক করে চারদিকে লাল-সবুজের আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে স্মৃতিসৌধ ও আশেপাশের এলাকায় তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা। তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার।

এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন সরদার বলেন, নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে পোশাকের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সদস্যরাও।

তবে জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং যেকোনো ধরনের ব্যাগ বহন থেকে বিরত থাকতে বলেন তিনি।

এমআর