জনপ্রিয় টেলিভিশন অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে শনিবার গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
এক শোক বার্তায়, বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি।
উল্লেখ্য, শনিবার সকালে মারা যান জনপ্রিয় টেলিভিশন অভিনেতা আবদুল কাদের। তার বয়স হয়েছিল ৬৯ বছর।
সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে আবদুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি নিশ্চিত করেছেন।
সম্প্রতি ক্যান্সার ধরা পড়ার পর গত ২১ ডিসেম্বর অভিনেতা আবদুল কাদেরের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
তার পরিবারের সদস্যরা জানান, গত ২০ ডিসেম্বর চেন্নাইয়ের ভেলর শহরের মেডিক্যাল কলেজ হাসপাতালে থেকে দেশে ফিরিয়ে এনে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় কাদেরকে। সেখানে করোনার পরীক্ষা করা হলে ২১ ডিসেম্বর তার ফলাফল পজেটিভ আসে।
অসুস্থ বোধ করার পর গত ৮ ডিসেম্বর চেন্নাইয়ে নেয়া হয় আবদুল কাদেরকে। সেখানে পরীক্ষার পর তার শরীরে অগ্ন্যাশয়ের ক্যান্সার শনাক্ত হয়, যা সংক্রমণের চতুর্থ স্তরে পৌঁছে গেছে বলে জানান চিকিৎসকরা।
তবে গুরুতর শারীরিক দুর্বলতার কারণে এই অভিনেতাকে কেমোথেরাপি দিতে পারেননি চেন্নাইয়ের চিকিৎসকরা।
আবদুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতির জন্য অপেক্ষায় ছিলেন তার পরিবারের সদস্যরা যাতে কেমোথেরাপির মাধ্যমে চিকিত্সা করা যায়। কিন্তু কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় কাদেরের জন্য পরিস্থিতি আরো জটিল হয়ে উঠে।
এএস





