নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান এস এ পরিবহনের শাখা থেকে ২ হাজার ৪শ ৮০ পিছ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১১। 

শুক্রবার রাত ৮টায় এ অভিযান চালানো হয়।

রাতে শহরের পুরাতন কোর্ট এলাকাতে অবস্থিত র‌্যাব-১১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার এএসপি শিবলী সাদিক জানান, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান এসএ পরিবহনের মাধ্যমে নারায়ণগঞ্জে পাঠানো হয়েছে এমন সংবাদের ভিত্তিতে রাতে বঙ্গবন্ধু সড়কস্থ এসএ পরিবহনের শাখার সামনে অভিযান চালায়। এ সময় ইয়াবার চালানটি গ্রহণ করে যাওয়ার সময় র‌্যাব ওই দুইজনকে আটক করে তাদের দেহ তল্লাশি করে ২ হাজার ৪ শ’ ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের রিপন মিয়া (৩৫) ও একই এলাকার আব্দুল কাইয়ুম (৩২)। এ ব্যাপারে মাদক আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।

জেআই