ফেনীতে স্বেচ্ছাসেবক দলের ঝটিকা মিছিলে পুলিশের লাঠিচার্জে সাত নেতাকর্মী আহত হয়েছেন।
রোববার দুপুরে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের জহিরিয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান জুয়েল জানান, সিলেটে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলিবর্ষণ, বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ দলীয় নেতাকর্মীদের গুম ও হত্যার প্রতিবাদে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দল দুপুরে ঝটিকা মিছিল বের করে।
মিছিলটি শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ডাক্তারপাড়া মোড় থেকে শুরু হয়। ট্রাংক রোড চত্বর ঘুরে একই স্থানে ফিরে যাওয়ার পথে জহিরিয়া মসজিদ এলাকায় পৌঁছলে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা মজিবুর রহমান (৩৮), দুলাল (৪৫), শরিফুল ইসলাম (৪০), মামুন (২৭) রাজু (২৩), পাভেল (২৮) ও সৈকত (২৪) আহত হন।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান জানান, স্বেচ্ছাসেবক দলের মিছিলটির জন্য অনুমতি না নেওয়ায় পুলিশ বাধা দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
কেএইচ





